এআই-এ কুপোকাত তুখোড় গেমাররা

১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:০৬  
টানা দু’বছর বছর ধরে নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই) ‘জিটি সোফি’-কে একটি রেসিং গেম ‘গ্র্যান টুরিজমো স্পোর্ট’খেলতে শিখিয়েছে সনি।  এর পর গেল বছরের জুলাই মাস থেকে গেমের ‘টাইম ট্রায়াল’ ধাঁচের রেসগুলোতে পৃথিবীর সেরা মানব গেমারদের হারাচ্ছে সেই এআই। অক্টোবরের মধ্যেই পুরোদস্তুর রেসে প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে জেতা শুরু করে জিটি সোফি। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট -এর খবরে বলা হয়েছে, গড়ির রেসের পর দাবা ও ওই একই ঘরানার খেলাগুলোতেও জেতা শুরু করেছে জিটি সোফি। অথচ, এতোদিন এই গেমগুলোকে কেবল মানব বুদ্ধিমত্তার জগৎ হিসেবেই ভেবে এসেছেন বিজ্ঞানীরা। এ ছাড়াও ক্লাসিক আটারি ভিডিও গেম আর স্টারক্র্যাফটের মতো ‘রিয়াল-টাইম স্ট্র্যাটেজি’ গেমগুলোতেও জিতছে সনি’র এআই। জিটি সোফিয়ার গেম খেলা প্রসঙ্গে এফআইএ গ্র্যান টুরিজমো ২০২০ ওয়ার্ল্ড ফাইনালস’ জয়ী গেমার তাকুমা মিয়াজোনো বলেছেন, “এআই’টি এমনভাবে গাড়ি চালায় যা আমরা কখনো ভাবতেই পারতাম না।” নিজে দেখার পরেই কেবল জিটি সোফির কৌশলগুলো বিশ্বাস করতে পেরেছেন বলে জানিয়েছেন গেমে তিনটি চ্যালেঞ্জ জেতা এই গেমার। রেসিংয়ে অন্য গাড়ির চালকের পথে বাধা না দেওয়া বা ধাক্কা না দেওয়ার মতো অলিখিত নিয়মগুলো এআইকে শেখানো বেশ কঠিন ছিল বলে জানিয়েছেন সনি’র এআই বিভাগের পরিচালক পিটার উরম্যান। সিনেট জানিয়েছে, এক হাজার প্লেস্টেশন ৪ কনসোলের সঙ্গে সংযুক্ত কম্পিউটারে বারবার সিমুলেশন চালিয়েছে সনির এআই। এআই’টির প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে হালের সর্বোচ্চ গতির গ্রাফিক্স চিপ। তবে সিমুলেশন চালানোর সময় বাজারে প্রচলিত প্রসেসরের কম্পিউটারই ব্যবহার করেছে এআইটি।